আরো এক সপ্তাহ বাড়ছে চলমান বিধিনিষেধ

করোনার বিস্তাররোধে চলমান লকডাউন আরো এক সপ্তাহের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগিগরই প্রজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। গতকাল সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘সার্বিক করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আমাদের এই অবস্থাটা কন্টিনিউ করতে হবে। সরকার সেই পদক্ষেপ নিতে যাচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) সেই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। যে অবস্থাটা আছে সেটাই আরো এক সপ্তাহ অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘তবে দোকানপাট, শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে মার্কেটটা খোলা রাখতে হচ্ছে, তাদের এখানে বড় ধরনের বিনিয়োগের বিষয় রয়েছে। এখন মার্কেট ৯টা পর্যন্ত খোলা থাকছে, সেটা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা পর্যন্ত হবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও দোকান পরিচালিত হবে।’ ফরহাদ হোসেন আরো বলেন, ‘ভারতের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। ভারতেরটা (করোনা ভাইরাস সংক্রমণ) যদি এখানে ঢুকে পড়ে, এর মধ্যে যদি আবার আমাদের এখানে সবকিছু খুলে দেওয়া হয়, তবে পরিস্থিতি আরো অবনতি হতে পারে। তাই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’ প্রসঙ্গত, কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের পালনের জন্য ১৩টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। সেই মেয়াদ শেষ হয় গত বুধবার মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। সেটিই আবার আরো ১ দফা বাড়াতে যাচ্ছে সরকার।