সিলেটের হাসপাতালে অক্সিজেন সংকটের শঙ্কা বাড়ছে করোনা রোগী

সিলেটে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা আক্রান্তদের চিকিত্সার জন্য বিভাগের একমাত্র ডেডিকেটেড চিকিত্সা কেন্দ্র শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতাল রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। একই সঙ্গে অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় সংকটের শঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, শহীদ শামসুদ্দিন হাসপাতালে তরল অক্সিজেন সরবরাহ করে স্পেকট্রা অক্সিজেন নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান। তারা ভারত থেকে অক্সিজেন আমদানি ও সরবরাহ করে। তবে সম্প্রতি ভারতে অক্সিজেনের তীব্র সংকট দেখা দেওয়ায় চার দিন ধরে ভারত থেকে আমদানিও বন্ধ রয়েছে। এ অবস্থায় স্পেকট্রার পক্ষ থেকে শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে আগের মতো অক্সিজেন সরবরাহ সম্ভব নয়। একদিকে রোগী বাড়ছে, অন্য দিকে অক্সিজেনের সরবরাহ কমে গেলে সংকট তৈরির শঙ্কা দেখা দিয়েছে। অবশ্য বর্তমানে সিলেটে চাহিদা অনুযায়ী অক্সিজেন মজুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এখন পর্যন্ত রোগীর চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ করছে স্পেকট্রা অক্সিজেন।

পাঁচ জনের মৃত্যু :

সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩৭ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে আরো ৮৮ জনের শরীরে। সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।