রংপুরে বৈদ্যুতিক তারে ঝুলে থাকা যুবককে দেড় ঘণ্টা পর জীবিত উদ্ধার পরে মৃত্যু

রংপুর নগরীর কামার পাড়া এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির তারে প্রায় দেড় ঘণ্টা ঝুলে থাকা এক অজ্ঞাত যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। যুবকের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। গতকাল সোমবার ভোরে নগরীর কামাড় পাড়া বাস টার্মিনাল রোডের করণজাই ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। যুবকের নাম পরিচয় জানা যায়নি। পরে তার মৃত্যু হয়। যুবকটি ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে আটকা পড়ে ঝুলন্ত অবস্থায় ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় বিকট শব্দ হলে মুসল্লিরা বেরিয়ে দেখেন তারে এক যুবক আটকে রয়েছে। ফায়ার সার্ভিস ও বিদ্যুত্ অফিসে খবর দিলে তারা যুবককে উদ্ধার করে এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে ঐ যুবকের মৃত্যু হয়।