একটানা ১২ দিন পর চট্টগ্রামে করোনায় মৃত্যুশূন্য দিন কেটেছে। সর্বশেষ ১৪ এপ্রিল কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ২৪৫ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। সংক্রমণ হার ১৭ দশমিক ৬৬ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, সরকারি-বেসরকারি মিলিয়ে নগরীর নয়টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ১ হাজার ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন ২৩১ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ১৭৯ জন ও নয় উপজেলার ৬৬ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে পটিয়া ও হাটহাজারীতে সর্বোচ্চ ১৭ জন করে, ফটিকছড়িতে ১৩ জন, রাউজানে ৫ জন, বোয়ালখালী ও সীতাকুণ্ডে ৪ জন করে, রাঙ্গুনিয়ায় ৩ জন, সাতকানিয়ায় ২ জন এবং চন্দনাইশে ১ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৪৯ হাজার ৩৪০ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৩৯ হাজার ৫৭৯ জন ও গ্রামের ৯ হাজার ৭৬১ জন।
গতকাল করোনায় আক্রান্ত কোনো রোগী মারা যাননি। মৃতের সংখ্যা ৫০৪ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৩৭৫ জন ও গ্রামের ১২৯ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৮৩ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৩৬ হাজার ৮৭ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ৭ জন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসায় সুস্থ হন ৩১ হাজার ৮০ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হন ৪০ জন, ছাড়পত্র নেন ২৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৪৬২ জন। বাসস
ইত্তেফাক/কেকে