গত সপ্তাহে ৫৩ জন নাবিক নিয়ে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় ইন্দোনেশিয়ার সাবমেরিন কেআরআই নাঙ্গালা-৪০২। এক টর্পেডো মহড়ায় অংশ নিয়ে শেষ পর্যন্ত আর ফেরেননি সাবমেরিনটিতে থাকা কেউই।
সম্প্রতি দেশটির নৌবাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েক সপ্তাহ আগে ধারণ করা এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ডুবে যাওয়া সাবমেরিনের নাবিকরা গিটার বাজিয়ে ‘সাম্পাই জুমপা’ নামে দেশটির একটি জনপ্রিয় গান গাইছেন, যার অর্থ 'আবার দেখা হবে'। তাদের সঙ্গে সাবমেরিনের কমান্ডার হ্যারি অকটাভিয়ানও রয়েছেন।
গত বুধবার ডুবে যাওয়া সাবমেরিনটির খুঁজে পাওয়া গেছে সাগরের প্রায় ৮৫০ মিটার গভীরে। এটি তিন খণ্ড হয়ে ভেঙে গেছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার নৌবাহিনী। জাহাজের পাটাতন, সামনের অংশ এবং মূল অংশ সবকিছুই টুকরো হয়ে গেছে।
সিঙ্গাপুরের একটি উদ্ধারকারী জাহাজ ব্যবহার করে ভাঙা সাবমেরিনের ছবি তুলে আনা হয় বলে জানানো হয়েছে বিবিসি’র এক প্রতিবেদনে। সাবমেরিনে থাকা ৫৩ জন নাবিকের সবাই মারা গেছেন।
ইত্তেফাক/জেডএইচডি