ছাদ নার্সারিতে সফল মাহি

>> অনুজকান্তি দাশ

 

সাইন্সের একজন ছাত্র যেখানে বিজ্ঞানের বিস্ময়কর কোনো আবিস্কার নিয়ে মেধা ব্যায় করার কথা, সেখানে কৃষি নিয়ে চিন্তা করে গোবরে পদ্মফুল ফোটানোর মতো এক চেষ্টায় সফল হয়ে উঠেছেন। যে বয়সে তারুণ্যের উদ্দীপনায় টগবগ করার কথা, বন্ধুুদের সঙ্গে অবহেলায় সময় নষ্ট করার কথা—সেই বয়সে মাটি ও কৃষিতে মনোনিবেশ করেছেন মাহি। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব রুপশপুর এলাকায় বাড়ির ছাদে ট্রে-পদ্ধতি ব্যবহার করে ছাদ নার্সারিতে মাহির এমন সফলতার গল্প তুলে ধরা হলো এখানে।

শ্রীমঙ্গল সরকারি কলেজের বিজ্ঞান শাখায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আসিক আহমেদ মাহি। কলেজে লেখাপড়ার ফাঁকে অবসর পেলেই লেগে যান কৃষি কাজে। আগে বাজার থেকে বিভিন্ন ফলজ চারা কিনে এনে বাড়িতে রোপন করে তা পরিচর্যা করতেন মাহি। এতে চারা কিনতে খরচ বেশি হয়ে যাওয়ায় ২০১৯ সালে তার মাথায় আসে ট্রে-পদ্ধতিতে চারা উত্পাদনের বিষয়টি। বাজার থেকে কয়েকটি ট্রে কিনে এনে বাড়ির ছাদে তাতে মাটি ভরাট করে বীজতলা তৈরি করার পর পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো কিছু বীজ বপন করেন। এতে সব কয়টি বীজই অঙ্কুরিত হয়ে সুন্দরভাবে বেড়ে উঠতে দেখে মাহি আরো উত্সাহী হয়ে ওঠে। ক্রমেই মাহি তার বাড়ির ছাদে গড়ে তুুলেন একটি পূর্ণাঙ্গ ছাদ নার্সারি এবং এতে বিভিন্ন ফলজ গাছের চারা উত্পাদন করে বাজারে বিক্রি করে আসছেন মাহি। মাহির এ কাজে উত্সাহ যুগিয়েছেন তার বাবা-মা। বাবা হাফিজ আহমেদ কাপড়ের ব্যবসায়ী এবং মা শাহিনারা চৌধুরী গৃহিনী। ট্রে-পদ্ধতিতে এই ছাদ নার্সারিটি উপজেলার বিভিন্ন মহলে সাড়া জাগালেও মূলত অবসর সময় কাটাতে শখের বশেই এই ছাদ নার্সারি তৈরি করা হয়েছে।

মাহির ভাষ্যমতে, ছোটবেলা থেকেই কৃষির প্রতি তার ঝোঁক বেশি। একটু সময় পেলেই কৃষি নিয়ে চিন্তা করে এবং তার এমন চিন্তা-চেতনা হতেই গত দুই বছর ধরে ট্রে-পদ্ধতিতে ছাদ নার্সারির কার্যক্রম শুরু করলে বর্তমানে তা সাফল্য অর্জনে সক্ষম হয়।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার নীলুফার ইয়াছমিন মুনালিসা সুইটি বলেন, ‘মাহির ট্রে-পদ্ধতিতে ছাদ নার্সারিটি আমাদেরকে খুবই আকর্ষণ করেছে। তার এমন উদ্যোগ আগে কোথাও দেখা যায়নি। ইতোমধ্যে আমরা তার নার্সারি হতে বিভিন্ন ফলজ গাছের চারা সংগ্রহ করে কৃষকদের মধ্যে বিতরণ করেছি।’

তিনি আরো বলেন, ‘ট্রে-পদ্ধতিতে গাছের চারা উত্পাদনে সময়, স্থান ও খরচ সবকিছুই সাশ্রয় হয়।’ তাই এই ট্রে-পদ্ধতির মাধ্যমে গাছের চারা উত্পাদনের বিষয়ে এলাকার কৃষকদেরকেও উত্সাহিত করেন তিনি।