কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
কালীগঞ্জ শহরের বেসরকারি সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিজারের তিন ঘণ্টা পর এক মেয়ে নবজাতক চুরির ঘটনা ঘটে। এরপর শিশুটির বাবা মনিরুল ইসলাম স্থানীয় থানায় মামলা দায়ের করেন। পরে র্যাব অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে কালীগঞ্জ শহরের নিশ্চিতপুর দাশপাড়া জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে বাচ্চাটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। এ সময় র্যাব জাহাঙ্গীর হোসেনের স্ত্রী প্রিয়া খাতুনকে আটক করে থানায় সোপর্দ করে।
ঝিনাইদহ র্যাবের কমান্ডার কামাল উদ্দিন জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্লিনিকের ২০৩ নম্বর কেবিন থেকে নবজাতক চুরির ঘটনা ঘটে। মাগরিবের আজানের সময় হাসপাতালে বসে থাকা নারী প্রিয়া খাতুন বাচ্চাটিকে চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় র্যাব বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করেছে।