বিমার প্রিমিয়ামে ই-রিসিপ্ট বাধ্যতামূলক

জীবন ও সাধারণ বিমা কোম্পানির প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে গ্রাহককে ই-রিসিপ্ট দেওয়া বাধ্যতামূলক করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী ১ জুন থেকে এই বাধ্যবাধকতা কার্যকর করা হবে। গত সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে আইডিআরএ।

আইডিআরএ চেয়ারম্যান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বিমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে বিমাকারী ও বিমা পলিসি গ্রাহকসহ সংশ্লিষ্ট সবাইকে ডিজিটাল সুবিধা প্রদান, বিমাকারী কর্তৃক বিমা পলিসি গ্রাহকদের প্রিমিয়াম রশিদ প্রেরণ (ডাক, কুরিয়ার ইত্যাদি) বাবদ খরচ সাশ্রয়, এ সংক্রান্ত জটিলতা নিরসন, সরকারি রাজস্ব ফাঁকি রোধ, বিমা পলিসি গ্রাহকদের টাকা আত্মসাত্ বন্ধ, গ্রাহক হয়রানি রোধ এবং গ্রাহকদের আস্থা বৃদ্ধিসহ সামগ্রিকভাবে বিমা খাতের ডিজিটালা-ইজেশনের লক্ষ্যে এই বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

এই বাধ্যবাধকতা আরোপের ফলে, আগামী ১ জুন থেকে বিমা প্রতিষ্ঠানগুলোতে প্রিমিয়াম রশিদ হিসেবে কাগজে ছাপা রশিদের পাশাপাশি ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফরম (ইউএমপি)-এর মাধ্যমে প্রস্তুত করা ই-রিসিপ্ট (অরিজিনাল রিসিপ্টি বা ওআর, রিনিউয়াল রিসিপ্ট বা আরআর, মানি রিসিপ্ট বা এমআর) প্রদান করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়, আগামী ১ অক্টোবর থেকে বিমা পলিসি গ্রাহকদের নিকট হতে গৃহীত প্রিমিয়ামের বিপরীতে কাগজে ছাপা রশিদের পরিবর্তে ইউএমপি সিস্টেম হতে প্রস্তুত করা ই-রিসিপ্ট প্রদান করতে হবে।