শেয়াবাজারে সূচকের বড় পতন, কমেছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মধ্যে টানা দুই কার্যদিবস পতনের মধ্যে থাকল শেয়ারবাজার। গতকাল  ডিএমইদে লেনদেন শুরু হতেই একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। দিনের লেনদেনের শেষ পর্যন্ত চলে পতনের ধারা।

শেয়ারবাজারের তথ্যে দেখা গেছে, দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪২২ পয়েন্টে নেমে গেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট কমে ২ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল  ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৩১টির এবং ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। সবকটি মূল্য সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৮২৪ কোটি ৩৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ টাকা। সেই হিসাবে লেনেদেন কমেছে ৩৭১ কোটি ৩৯ লাখ টাকা।

গতকাল টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৫১ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—লাফার্জহোলসিম বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, লংকাবাংলা ফাইন্যান্স, রবি, ফিনিক্স ইনসিওরেন্স, অগ্রণী ইনসিওরেন্স এবং ক্রিস্টাল ইনসিওরেন্স।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে                    ১৬৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৮১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া     ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৮টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে।