নির্মাতা, সাহিত্যিক ও সাংবাদিক রেজানুর রহমান প্রতিবছর ঈদে চ্যানেল আইয়ের জন্য একটি করে নাটক নির্মাণ করে থাকেন। গল্প নির্ভর, মানসম্পন্ন সেই নাটকগুলোর প্রতি দর্শকদেরও থাকে বাড়তি আগ্রহ। সেই ধারাবাহিকতায় এবারের ঈদ উপলক্ষে তিনি নির্মাণ করছেন ‘বাঁশিওয়ালা’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। নাটকটিতে অভিনয় করছেন সুমনা সোমা, নাদিয়া নদী, লুত্ফর রহমান জর্জ’সহ অনেকে। রেজানুর রহমান বলেন, ‘আমি নাটকের মানুষ হলেও খুব বেশি নাটক নির্মাণ করি না। কারণ এখন কিছু শিল্পী নির্ভর হয়ে গেছে নাট্যাঙ্গন। একজন পরিচালক হয়ে শিল্পীর পেছনে ঘুরে সিডিউল নিয়ে কাজ করার কোনো ইচ্ছে আমার নেই। আবার যারা নাটকে লগ্নি করেন তারাও নির্ধারিত শিল্পীকেই নিতে বলেন। তাহলে নতুন স্টার তৈরি কীভাবে করবো! তারপরও বিশেষ দিবসে এক-দুটি কাজ করি। চেষ্টা করি মান ধরে রেখে নতুন-পুরনো শিল্পীর সমন্বয়ে একটি সৃষ্টিশীল কাজ দর্শকদের উপহার দিতে।’ করোনার এই সময়ে ঝুঁকি নিয়ে শোবিজের অনেকেই কাজ করছেন। যা নেতিবাচক হলেও জীবিকার স্বার্থে এবং ঈদের আনন্দ বাড়াতে কাজ করছেন তারা। চ্যানেলগুলোও চেষ্টা করছে গতবছরের মতো পুরনো কাজ দিয়ে অনুষ্ঠানমালা না সাজাতে। এ নিয়ে রেজানুর রহমান বলেন, ‘সবাই চেষ্টা করছে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার। অনেক ঘনিষ্ঠ দৃশ্য এড়িয়ে কাজ করা হচ্ছে। আমিও করোনার ঝুঁকির বিষয়টি মাথায় রেখে সচেতনভাবেই কাজ করবো। আর আমার মনে হয় এবারের ঈদ নতুন কাজ দিয়েই উদযাপন করা যাবে।’
অন্যদিকে নতুন মাধ্যম ওটিটির প্রতি দর্শকদের বেশ আগ্রহ তৈরি হয়েছে। রেজানুর রহমান মনে করেন, মাধ্যমটির যাচ্ছেতাই ব্যবহার না করে দেশের সংস্কৃতির কথা মাথায় রেখে কাজ করলে সৃষ্টিশীল কাজের ক্ষেত্র প্রসারিত হতে পারে।