পুরান ঢাকার অধিকাংশ আবাসিক ভবনে রাসায়নিক পদার্থের গুদাম ও কারখানা রয়েছে। আর এ কারণেই একের পর এক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে। আবারো এক বিভীষিকাময় ভোর দেখতে হলো সেখানকার বাসিন্দাদের! অনিশ্চয়তা এবং জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করতে হচ্ছে তাদের। গত শুক্রবার ভোরে আরমানিটোলায় ছয়তলা ভবনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় কলেজছাত্রীসহ চরজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। এর আগে নিমতলি, চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বারবার এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং হূদয়বিদারক। নিমতলি, চুড়িহাট্টায় ভয়াবহ ঘটনার পরিস্থিতিতে পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম স্থানান্তরের কথা বলা হলেও আজ অবধি সেটা হয়নি। রাসায়নিক দ্রব্য থেকে প্রত্যেকটি অগ্নিকাণ্ডের সূত্রপাত। পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এখন সময়ের দাবি। অন্যথায় এধরনের দুর্ঘটনা ঘটেই চলবে। সময়ক্ষেপণ করা আর উচিত নয়। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ফজলে রাব্বি, শিক্ষার্থী, ঢাকা কলেজ