অনুশীলনে ফিরছেন রিয়াদ-সাইফউদ্দিনরা

আগামিকাল দ্বিতীয় টেস্ট। আজ দল ঘোষণা

 স্পোর্টস রিপোর্টার

ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে। দুই ম্যাচের সিরিজে সমতা (০-০) বিরাজ করছে। আগামীকাল শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এক দিন বিশ্রামের পর গতকাল পাল্লেকেলে স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেছেন মুমিনুল-মুশফিকরা। লঙ্কা সফরে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি।

আজ অনুশীলনের পর দ্বিতীয় টেস্টের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। গতকাল ক্যান্ডি থেকে এমনটাই বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘আমরা কাল (আজ) অনুশীলনের পর দল নিয়ে সিদ্ধান্ত নিব।’ বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রথম টেস্টের দলটাই অপরিবর্তিত থাকতে পারে। তবে লঙ্কানদের স্পিনিং উইকেটে ঝুঁকে পড়ার সম্ভাবনা বাড়লে দলে নেওয়া হতে পারে অফস্পিনার নাঈম হাসানকে। আজ উইকেট দেখার পরই দল ঠিক হবে। এরই মধ্যে স্বাগতিকরা দলে টেনেছে বাঁহাতি রিস্ট স্পিনার সান্দাকানকে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের পর আগামী মাসেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। মে’র তৃতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে লঙ্কানরা। আইসিসির ওয়ানডে সুপার লিগের অধীনে হোম সিরিজের জন্য বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে আগামী ২ মে। এখন বাংলাদেশে অবস্থান করা ক্রিকেটাররা অনুশীলন শুরু করবেন। টেস্ট দলে না থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকাররা ওয়ানডে দলের নিয়মিত সদস্য। তাদের নিয়েই শুরু হবে অনুশীলন। শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম নিবেন তামিম-মুশফিকরা। পরে তারাও যোগ দিবেন অনুশীলনে। তবে ওয়ানডে দলের চূড়ান্ত অনুশীলন শুরু হবে ঈদুল ফিতরের পর।

গতকাল সংবাদমাধ্যমকে এমনটাই বলেছেন বিসিবির পরিচালক আকরাম খান। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান বলেছেন, ‘আগামী মাসে শ্রীলঙ্কা ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে, সেটার জন্য একটা স্কোয়াড তৈরি করেছি আমরা। যারা বর্তমানে বাংলাদেশে আছে তাদের নিয়ে ২ মে থেকে আমরা অনুশীলন শুরু করব। কিছুদিন অনুশীলনের পর যারা শ্রীলঙ্কায় আছে কিন্তু ওয়ানডে স্কোয়াডে থাকবে তারা দুই-একদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে যোগ দিবে। এরপর ঈদের ছুটির পর আমরা ওয়ানডে সিরিজটির জন্য পুরোদমে অনুশীলন শুরু করব।’