আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দলমত-নির্বিশেষে সবাইকে করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, মহামারির এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ। তাদের কাছে এখন কোনো ইস্যু নেই। দেশে এমন কোনো পরিস্থিতি নেই, যেখানে আন্দোলন করতে হবে। তারা দায়িত্বশীল বিরোধী দল হিসেবেও ব্যর্থ হয়েছে। তাই একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায়ে তাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত কাজ করে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে অনেকেই জনগণের জন্য কাজ করেন না, তাদের বিষয়টি বেমালুম ভুলে যান। তবে শেরেবাংলা এ কে ফজলুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ব্যতিক্রম। তাদের পথ অনুসরণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
ওবায়দুল কাদের বলেন, ‘শেরেবাংলা এ কে ফজলুল হক অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। তার রাজনীতির মূলমন্ত্র ছিল সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছেন। পৃথিবীব্যাপী যে করোনা মহামারি চলছে, তা বাংলাদেশেও আঘাত হেনেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম সাহসী নেতৃত্বে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে বাংলাদেশ।’ তিনি করোনার এই দিনে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।