ইসির করোনা আক্রান্ত কর্মীদের সহায়তায় ৩০ সদস্যের কমিটি

কোভিড-১৯ আক্রান্ত কর্মীদের তাত্ক্ষণিক সহায়তা দিতে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের মধ্য থেকে ৩০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্যাণ পরিষদের অধীনে গঠিত ৩০ সদস্যবিশিষ্ট ঐ কমিটির আহ্বায়ক হিসেবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরীকে ও এ এস এম ইকবাল হাসানকে সদস্য সচিব করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্যাণ পরিষদের সদস্য সচিব ও উত্তরা থানা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম স্বাক্ষরিত কমিটি গঠন পত্রের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন উপজেলা/থানা নির্বাচন অফিসার ও সমপদের কর্মকর্তারা স্মার্ট কার্ড বিতরণ, নতুন ভোটার অন্তর্ভুক্তিকরণ, ভোটার স্থানান্তর ও জাতীয় পরিচয়পত্র সংশোধনের কাজে সরাসরি সম্পৃক্ত হয়ে সম্মুখ যোদ্ধা হিসেবে নিরলস দেশকে সেবা দিয়ে যাচ্ছেন। আরো বলা হয়, কোভিড-১৯ টিকা নিতে জাতীয় পরিচয়পত্র প্রধান অনুষঙ্গ হওয়ায় বর্তমানে সাধারণ জনগণের সংস্পর্শে থেকে এই সেবা দিতে হচ্ছে। করোনা সুরক্ষা সামগ্রী সঠিকভাবে ব্যবহার করা সত্ত্বেও আমাদের অনেক সহকর্মী কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হয়েছেন এবং এরই মধ্যে দুই জন সহকর্মী মারা গেছেন। বর্তমান পরিস্থিতিতে কোভিড-১৯ মোকাবিলার অংশ হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে আওতাধীন উপজেলা/থানা নির্বাচন অফিসার ও সমপদের কর্মকর্তারা করোনা আক্রান্ত হলে যাতে তাত্ক্ষণিকভাবে বিভিন্ন পর্যায়ের সহায়তা পান, সে লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ১০টি অঞ্চলের উপজেলা/থানা নির্বাচন অফিসার ও সমপদের কর্মকর্তাদের সমন্বয়ে তাত্ক্ষণিক সহায়তা প্রদান সংক্রান্ত কেন্দ্রীয় তদারকি কমিটি গঠন করা হলো।

উল্লেখ্য, গত এক বছরে ইসির অন্তত ২০ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।