সরকার জুলুম-নির্যাতন ও সন্ত্রাসের ওপর নির্ভরশীল :ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের কোনো গণভিত্তি নেই। তাই বর্তমান সরকার জুলুম-নির্যাতন ও সন্ত্রাসের ওপর নির্ভরশীল। জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে। মির্জা ফখরুল বলেন, সেজন্যই দেশে আইনের শাসনের বদলে আওয়ামী শাসনের এক বীভত্স বিকৃত রূপ তীব্র মাত্রা ধারণ করেছে। যার ফলে জনসমাজে কারও কোনো সম্মান, নিরাপত্তা ও জীবন-যাপনের স্বাভাবিকতা নেই। সারা দেশের সর্বত্র সরকারের উন্মত্ত আচরণ মোকাবিলা করে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসার কোনো বিকল্প নেই।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘কল্পকাহিনী সাজিয়ে উদ্ভট মামলা’ দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, লকডাউনে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের অংশ হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং হাটহাজারী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস শুক্কুর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ ইকবালসহ তিন শতাধিক নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।