সরকারের ১০০ দিন নিয়ে রয়টার্সের জরিপ

ট্রাম্পের চেয়ে ভাল অবস্থানে বাইডেন

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে চলতি সপ্তাহে। এরই মধ্যে তার জনপ্রিয়তা নিয়ে জরিপ করা শুরু হয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স/ইপসোসের জরিপ বলছে, এই সময়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেন জনপ্রিয়তায় ভাল অবস্থানে আছেন।

করোনা ভাইরাস মহামারি মোকাবিলা এবং অর্থনীতি সামলাতে প্রেসিডেন্ট জো বাইডেন সফলতার পরিচয় দিয়েছেন। গত ১২ থেকে ১৬ এপ্রিল চার হাজার ৪২৩ জন প্রাপ্তবয়স্কের মধ্যে চালানো জরিপে দেখা যায়, ৫৫ শতাংশ মার্কিনী প্রেসিডেন্ট বাইডেনকে সমর্থন দিয়েছেন এবং সমর্থন করেননি ৪০ শতাংশ মার্কিনী। করোনা মোকাবিলায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ৬৫ শতাংশ মানুষ তার করোনা ভাইরাস মোকাবিলায় গৃহীত পদক্ষেপে অনুমোদন দিয়েছেন। গত জানুয়ারিতে ৩৮ শতাংশ মার্কিনী ট্রাম্পকে সমর্থন জানিয়েছিলেন। জরিপে দেখা যায়, ডেমোক্র্যাটদের ৯০ শতাংশ, নিরপেক্ষদের ৬১ শতাংশ এবং রিপাবলিকানদের ৩৯ শতাংশ বাইডেনের কাজকে সমর্থন করেছেন। অর্থনৈতিক পরিস্থিতি সামলাতে প্রেসিডেন্ট জো বাইডেন ভাল কাজ করছেন বলে মনে করেন ৫২ শতাংশ মার্কিনী। বাইডেনের সীমান্ত নীতিকে সমর্থন করেন না ৪৯ শতাংশ এবং ৪২ শতাংশ সমর্থন করেন। জলবায়ু পরিবর্তন এবং জাতিগত বৈষম্য রোধে বাইডেনের নেওয়া ব্যবস্থায় সমর্থন দিয়েছেন যথাক্রমে ৫৪ শতাংশ এবং ৫১ শতাংশ মার্কিনী।