করোনা সংক্রমণ প্রতিরোধে দোকানপাট এবং শপিংমলসহ সব ধরনের কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
গতকাল বিকালে করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে করণীয় সম্পর্কে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। পুলিশ সদর দপ্তর কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা অনলাইনে যুক্ত ছিলেন।
আইজিপি পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশে সব দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্য সুরক্ষা মেনে ক্রয়-বিক্রয় করার জন্য ব্যবসায়ী, দোকান মালিক এবং ক্রেতাসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন সভাকে জানান, তারা প্রতিটি মার্কেটের সামনে হাত ধোয়ার ব্যবস্থা অথবা স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছেন। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করা হয়েছে। বড় বড় শপিংমলে জীবাণুনাশক টানেল বসানো হয়েছে। হেলাল উদ্দিন বলেন, সারা দেশে ব্যবসায়ীরা করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত সোচ্চার এবং সজাগ রয়েছেন।
ইত্তেফাক/এএএম