‘বিচার বিভাগ মানুষের পার্থিব নির্ভরতার শেষ আশ্রয়স্থল’ 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ড. রাশিদ আসকারী বলেছেন, বিচার বিভাগ মানুষের পার্থিব নির্ভরতার শেষ আশ্রয়স্থল। তাই কাঙ্ক্ষিত বিচার বিভাগ বিনির্মাণে বিচারিক দক্ষতা এবং উচ্চ নীতিবোধের সুসমন্বয় ঘটাতে হবে। জজ হওয়ার আগে কিংবা পরে সবচেয়ে বড় দরকার হলো লিগ্যাল ইথিকস। 

ভার্চুয়ালি অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ‘ল’ স্টুডেন্টস’ (নীলস)-এর গাইডলাইন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের এই প্রফেসর বলেন, আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় ঘটিয়ে আইনের শাসনকে বেগবান করতে কৌশলগত পরিকল্পনা ও স্কিল ডেভলপমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। বিচারিক দক্ষতা, প্রশাসনিক দক্ষতা এবং বিচারিক নীতিবোধের সমন্বয়ে গড়ে ওঠা বিচারকরাই একটি কাঙ্ক্ষিত বিচার বিভাগের নিশ্চয়তা  দিতে পারে।

সেমিনারে আলোচক হিসেবে ছিলেন জেলা ও দায়রা জজ (সাইবার ট্রাইব্যুনাল) তোফায়েল হাসান রূপক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  কবির উদ্দিন প্রামাণিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ প্রফেসর ড. সেলিম তোহা, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাসুদুর রহমান মাসুদ ও মোত্তাকিন হোসাইন। শুভেচ্ছা বক্তব্য দেন নীলস বাংলাদেশের সভাপতি  লুৎফুন্নাহার।

 

ইত্তেফাক/কেএম/ইউবি