ভারতে ভ্যাকসিনের দাম কমালো সেরাম ইনস্টিটিউট

ভারতের সেরাম ইনস্টিটিউট তাদের করোনা ভ্যাকসিনের দাম কমিয়েছে। তবে এই দাম শুধু দেশটির রাজ্যগুলোর জন্য প্রযোজ্য হবে। এখন থেকে প্রতি ডোজ টিকা ৩০০ রুপিতে কিনতে পারবে রাজ্যগুলো। আগে এর দাম ছিল প্রতি ডোজ ৪০০ রুপি। বুধবার (২৮ এপ্রিল) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা এক টুইটে বলেছেন, জনহিতকর ইঙ্গিত হিসেবে সেরাম ইনস্টিটিউটের পক্ষে আমি রাজ্যগুলোর জন্য প্রতি ডোজ ভ্যাকসিনের দাম ৪০০ রুপি থেকে  ৩০০ রুপিতে কমালাম। এটা তাৎক্ষণিকভাবে কার্যকর। এটি হাজার হাজার কোটি টাকার রাষ্ট্রীয় তহবিল বাঁচাবে।

এর আগে, গত ২১ এপ্রিল রাজ্য সরকারের জন্য ৪০০ রুপি ও বেসরকারি হাসপাতালের জন্য ৬০০ রুপি করে ভ্যাকসিনের দাম ঘোষণা করে সেরাম ইনস্টিটিউট।  অন্যদিকে, আগামী ১ মে থেকে আঠারো বছরের বেশি বয়সী সব নাগরিককে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ লক্ষ্যে বিভিন্ন কোম্পানির উৎপাদিত ভ্যাকসিন বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যের সরকারগুলোও কোম্পানির কাছ থেকে ভ্যাকসিন কিনতে পারবে।

ইত্তেফাক/এসএ