ফয়জুল আল আমীন
চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা সুবাহ্ প্রথমবার একসঙ্গে একটি ঈদ নাটকে অভিনয় করলেন। ‘কারাতে বউ চাই’ শিরোনামের নাটকে দর্শকরা তাদের দেখতে পাবেন। মির্জা রাকিবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। এরআগে একসঙ্গে একটি সিনেমাতে অভিনয় করেছিলেন তারা। ওই সিনেমার কাজও ইতিমধ্যে শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শিপন মিত্র বলেন, ‘এর আগেও আমি সাদেক সিদ্দিকী ভাইয়ের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তার গল্প নির্বাচন এবং তার নির্দেশনায় আমার ভীষণ পছন্দের। শুটিং চলাকালে কাজের ফাঁকে আমরা আড্ডা দেই সত্যি। কিন্তু যখন আবার কাজ করি তখন যার যার চরিত্রে বেশ সিরিয়াসলিই কাজ করি। অভিনয়ে সুবাহ্ আগের চেয়ে ভালো করেছে। এই নাটকটি কমেডি ঘরানার হলেও একটা ম্যাসেজ আছে। আশা করছি সবার ভালো লাগবে।’
সুবাহ্ বলেন, ‘কারাতে বউ চাই— আমার অভিনীত দ্বিতীয় নাটক। এই নাটকে কাজ করার অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম ছিল। কারণ গল্পটা ভিন্ন ধাঁচের। কারাতের ওপরই নাটকটির গল্প। আমি ধন্যবাদ জানাই সাদেক সিদ্দিকী ভাইকে এমন মজার একটি গল্পে আমাকে নির্বাচিত করার জন্য। নাটকে যারা কাজ করেছেন প্রত্যেকেই খুব সযোগিতা করেছেন। যে কারণে নাটকটি নিয়ে আমি খুবই আশাবাদী।’
এদিকে মুঠোফোনে সুবাহ্ জানান, তিনি লকডাউনের আগে থেকেই রংপুরে আছেন। রংপুরের টেকনিক্যালের পাশেই তাদের বাসা। সেখানে তিনি বাবা, মা, ভাই ও বোনের সঙ্গে সময় কাটাচ্ছেন। দুই বছর আগে পহেলা বৈশাখে প্রয়াত সেলিম খানের প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা থেকে সুবাহ্র প্রথম মৌলিক গান ‘চল মেলায় যাইরে’ প্রকাশিত হয়। ২০১৯ সালে প্লে-ব্যাক করতে গিয়েই তার নায়িকা হয়ে উঠা। শিপন মিত্র ও সুবাহ্ এরইমধ্যে প্রায় শেষ করেছেন রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি। এছাড়াও সুবাহ্ কাজ করছেন আব্দুল মান্নান পরিচালিত ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমায়। তার অভিনীত প্রথম নাটক ‘ওল্ড ইজ গোল্ড’। এটি নির্মাণ করেছেন জয় সরকার এবং এতে সুবাহ্র বিপরীতে অভিনয় করেছেন জাহিদ হাসান। সুবাহ্ আরমান আলিফের ‘ঠিকানা দেবো না’ গানটিতেও মডেল হিসেবে কাজ করেছেন। এদিকে সাদেক সিদ্দিকীরই পরিচালনায় শিপন ‘প্রেমবাজ’ নাটকের কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন মৌমিতা মৌ। দুটি নাটকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাগর সিদ্দিকী। ‘কারাতে বউ চাই’ নাটকটি ঈদের চতুর্থদিন রাত ৮টা ১০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে।