মুক্তির আগেই রেকর্ড!

 বিনোদন ডেস্ক

 

সালমান খানের নতুন সিনেমা নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। কখন, কবে নতুন সালমানকে দেখবে সেই প্রতীক্ষা থাকে তাদের। তাই নতুন সিনেমার যেকোনো কিছু সামনে আসতেই লুফে নিতে দেরি করেন না দর্শকরা। তার সঙ্গে নতুন নায়িকার অভিনয় তো আরো বাড়তি মাত্রা যোগ করে। এবার তেমনই খবরে শিরোনামে সালমান-দিশা। করোনার কারণে শঙ্কা তৈরি হলেও নির্ধারিত সময়েই সিনেপর্দা’সহ ওটিটি মাধ্যমে মুক্তি পাচ্ছে সালমান খান-দিশা পাটানি অভিনীত নতুন সিনেমা ‘রাধে: দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’। এ নিয়েই এখন তোরজোর চলছে। পোস্টার, টিজার  প্রশংসিত হওয়ার পর গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সিনেমাটির একটি গান। গানটি মুক্তির পরই নায়কের চেয়ে অর্ধেক বয়সী নায়িকার কেমেস্ট্রি ঝড় তুলেছে দর্শকহূদয়ে। ‘সিটি মার’ শিরোনামের এই গানটি এরইমধ্যে ভিউয়ের রেকর্ড গড়েছে। ইউটিউব ট্রেডিংয়ে জায়গা করে নিয়েছে গানটি। মুক্তির ২৪ ঘণ্টায় গানটির ভিউ হয় ৩.৪ মিলিয়ন। শুধু তাই নয়, ২৪ ঘণ্টায় মিলিয়ন ভিউ নিয়ে সেদিনের ইউটিউবের সর্বোচ্চ ভিউ রেকর্ড অর্জন করেছে। আর দু-দিন পেরিয়ে তার ভিউ দাঁড়িয়েছে ৩৫ মিলিয়নের বেশি। এছাড়া টুইটারের ট্রেন্ডিংয়েও প্রথম স্থান দখলের পাশাপাশি বলিউডে মুক্তিপ্রাপ্ত সকল গানের মধ্যে সব থেকে দ্রুত ২২ হাজার লাইকের মাইলফলক স্পর্শ করেছে। গানটিতে দিশার লুক ও উপস্থাপন সিনেপ্রেমীদের নজর কাড়ার পাশাপাশি বেশ প্রশংসিত হয়েছে। যা সিনেমাটি দেখার প্রতি আগ্রহ তৈরিতে আরো ভূমিকা রাখবে বলে অনেকেই মন্তব্য করেছেন। আবার অনেকেই বলছেন, শুধু সালমানের হাত ধরে ক্যারিয়ার সমৃদ্ধ নয়, দিশা নিজের যোগ্যতার জানান দিতে যাচ্ছেন এই সিনেমায়।

উল্লেখ্য, সিনেমাটি প্রযোজনা করছে সালমানের নিজ প্রযোজনা প্রতিষ্ঠান জি ফিল্মস। সিনেমাটি আসছে ঈদে ৪০টি দেশে মুক্তি পাবে।