ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ধোবাউড়ায় উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে কালিকাবাড়ি গ্রামে শশী খালের ওপর নির্মাণাধীন ব্রিজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে স্থানীয়রা ব্রিজের কাজ বন্ধ করে দেয়। ব্রিজের দুই পার্শ্বের গাইড ওয়াল ঢালাইয়ে মাটি মিশ্রিত সুরকি ও নিম্নমানের বালু ব্যবহারের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ঘটনা ঘটে। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহিনুর ফেরদৌস জানান, এ ঘটনায় উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলামসহ তিন জনকে শোকজ করা হয়েছে। ময়মনসিংহ বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান জানান, উপজেলা প্রকৌশলীকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।