সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার মধুরাপুর গ্রামের হাওরে ধান কাটার সময় বুধবার সকালে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিন জন। নিহতরা হলেন ঐ গ্রামের ফজলু ও ফখরুল। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে মাধুরাপুর হাওরে নিজেদের জমির পাকা ধান কাটছিলেন কৃষকরা। হঠাত্ করে ঝড় শুরু হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই বজ্রপাতে ফজলু ও তার ভাই ফখরুল মারা যান। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই ভাই মারা গেছেন ও তিন জন আহত হয়েছেন।