ভেদরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও নেই বৃষ্টি। বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় ভেদরগঞ্জের রামভদ্রপুর ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখার) আদায় করেছেন গ্রামবাসী। বুধবার সকাল ১০টায় উপজেলার রামভদ্রপুর রেবতী মহন উচ্চ বিদ্যালয়ের খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন রামভদ্রপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কোকোলা মসজিদ ও মাদ্রাসার ইমাম হাফেজ মাওলানা সবুর খান। হাফেজ মাওলানা সবুর খান জানান, আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখার বলা হয় অর্থাত্ পানির জন্য দোয়া করা।

এদিকে পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা জানান, পাংশায় বৃষ্টির জন্য খোলা মাঠে প্রখর রোদে দুই রাকাত নফল নামাজ আদায় করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার হাবাসপুর ইউপির শাহমিরপুর  গ্রামবাসীর উদ্যোগে এ বিশেষ নামাজ আদায় করা হয়। এ সময় নামাজ ও দোয়া পরিচালনা করেন শাহমিরপুর মসজিদের ইমাম হাজি মো. আবু তালেব মোল্লা।