চট্টগ্রাম অফিস
তার স্বপ্ন ফিল্মের নায়িকা হওয়ার। কিন্তু পরিবারের কেউ তা চায় না। তাই মা ও ভাইয়ের সঙ্গে ঝগড়া করে গত সোমবার বাসা থেকে বের হয়ে যায় ১২ বছরের কিশোরী। তবে তার আর নায়িকা হওয়া হয়ে ওঠেনি। ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। সে নগরীর পাহাড়তলী থানার ফিরোজশাহ জোলাপাড়া এলাকার মেয়ে। গতকাল বুধবার পাহাড়তলী থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, কিশোরী পরিবারের সঙ্গে অভিমান করে গত সোমবার ফিরোজশাহ এলাকার বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে খুলশি মার্টের সামনে গিয়ে সে কান্নাকাটি শুরু করে। তাকে কাঁদতে দেখে ইয়াসমিন নামে এক গার্মেন্টস কর্মী তাকে বুঝিয়ে ওয়ারলেস এলাকায় নিজের বাসায় নিয়ে যান।
এদিকে, পরিবারের কাছে অভিযোগ পেয়ে তাকে উদ্ধারে অভিযানে নামে পাহাড়তলী থানাপুলিশ। পরে রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে ইয়াসমিনের বাসা থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানিয়েছে, তার খুব নায়িকা হওয়ার শখ। কিন্তু মা ও বড় ভাই তা হতে দেবে না। তাই রাগ করে কাউকে কিছু না বলে সে বাসা থেকে বের হয়ে গিয়েছিল।