স্কুলছাত্রীসহ সড়কে ঝরল ১০ প্রাণ

স্কুলছাত্রীসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শৈলকুপায় ইজিবাইক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন জন এবং তারাকন্দায় ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ তিন জন নিহত হয়েছেন। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

ময়মনসিংহ ও ত্রিশাল :ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিন জন নিহত হয়েছেন। গতকাল ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের খিচা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা খলিল মিয়া (৩২), একই উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা মাসুম (২৮) ও গুজিরকোনা গ্রামের সিনজি অটোচালক শহিদুল ইসলাম (৩৪)। ময়মনসিংহ ব্রিজসংলগ্ন সিএনজি স্টেশন থেকে যাত্রী নিয়ে দুর্গাপুরের উদ্দেশে যাত্রা করে সিএনজিচালিত অটোরিকশাটি। পথিমধ্যে তারাকান্দার খিচা নামক স্থানে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। মিঠাপুকুর (রংপুর) :মিঠাপুকুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় জিমাসা হোসেন (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল উপজেলার সুলতানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। জিমাসা ঐ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

ভ্রাম্যমাণ :শৈলকুপায় ইজিবাইক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। গতকাল ঝিনাইদহ-কুষ্টিয়া মহসড়কের দুধসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রেনু বেগম (৪৫), ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী জহুরা খাতুন (২৮) ও গোকুলনগর গ্রামের সবুর আলীর ছেলে তুহিন (২৫)।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) :চৌদ্দগ্রামে লরির পেছনে ধাক্কা লাগলে মাইক্রোবাসের যাত্রী সজীব কুমার দাস (৩২) নিহত ও অপর চার জন আহত হন। সজীব কুমার দাস ফেনী সদরের মাস্টারপাড়ার তপন কুমার দাসের পুত্র। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কচুয়া (চাঁদপুর) :মাইক্রোবাসের চাপায় পাটিকর নিত্যলাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও তার ভাই আহত হয়েছেন। গতকাল কচুয়া-হাজীগঞ্জ সড়কের কচুয়া উপজেলা পরিষদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিত্যলাল কচুয়া পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ডের পাটিকরবাড়ির গোপাল চন্দ্র পাটিকরের ছেলে। গতকাল কচুয়া-হাজীগঞ্জ সড়কের উপজেলা পরিষদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম (লালমনিরহাট) :বুড়িমারীতে ট্রাকের ধাক্কায় শরিফ উদ্দিন (৮৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। শরিফ উদ্দিন পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের বাবুরকামাত এলাকার বাসিন্দা। গতকাল স্থলবন্দর-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম পৌরসভার আন্তঃজেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।