হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের এক মাস পর সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিমকে রংপুরে বদলি করা হয়। এর এক দিন পর জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলাউদ্দিন চৌধুরীকেও বদলি করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) বদলি করে আদেশ জারি করে পুলিশ সদর দপ্তর।
এর আগে ওসি আবদুর রহিমকে রংপুর রেঞ্জে সংযুক্ত করে পুলিশ সদর দপ্তর থেকে বদলির আদেশ দেওয়া হয়। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, এটি নিয়মিত বদলি। তবে বুধবারের মধ্যেই তাকে (আলাউদ্দিন চৌধুরী) ব্রাহ্মণবাড়িয়া থেকে বিদায় নিতে হবে। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালান হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এসব ঘটনায় ৫৬টি মামলা হয়েছে। এ ঘটনার পর ২৯ মার্চ স্থানীয় এমপি উবায়দুল মোকতাদির চৌধুরী প্রশাসন ও পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন।