দেওয়ানি ও ম্যাজিস্ট্রেট কোর্টে শারীরিক উপস্থিতিতেও মামলা করা যাবে

করোনার দ্বিতীয় ঢেউয়ে শারীরিক উপস্থিতিতে ও অধস্তন আদালতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ঐ নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক এই মামলা দায়ের করতে হবে। গতকাল বুধবার প্রধান বিচারপতির নির্দেশে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহ ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং সুপ্রিম কোর্ট জারিকৃত এতদসংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসরণপূর্বক অতীব জরুরি দরখাস্তসমূহ শুনানি ও নিষ্পত্তি করার উদ্দেশ্যে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনা করবেন।

এছাড়াও স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে অধস্তন দেওয়ানি আদালতসমূহ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনস্থ আদালতসমূহে মামলা দায়ের করা যাবে।

দায়েরকৃত মামলায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট শারীরিক উপস্থিতিতে ফৌজদারি কার্যবিধির ২০০ ধারার অধীন জবানবন্দি গ্রহণ করবেন বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।