আরমানিটোলায় অগ্নিকাণ্ড: দগ্ধ নবদম্পতির একজনের মৃত্যু

রাজধানীর আরমানিটোলায় রাসায়নিক গুদামে লাগা আগুনে দগ্ধ সেই নবদম্পতির মধ্যে একজন মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে আইসিইউতে আশিকুজ্জামানের (৩২) মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আশিকুজ্জামানের স্ত্রী ইসরাত জাহান মুনা (২৮) এখনও আইসিইউতে ভর্তি। তাকে নিয়ে এঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হলো। ২৫ এপ্রিল সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাফায়াত হোসেন (৩৫)।

পার্থ শংকর বলেন, ‘আশিকুজ্জামানের স্ত্রী ইসরাত জাহান মুনা এখনও আইসিইউতে ভর্তি।’

গত বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর আরমানিটোলার হাজী মুসা ম্যানসনের নিচতলার অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস একে একে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। চতুর্থ তলার মেঝে থেকে অচেতন অবস্থায় সুমাইয়া আক্তার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অগ্নিকাণ্ডে নিহত বাকি তিনজন হলেন-রাসেল, ওয়ালিউল্লাহ বেপারী ও কবির হোসেন। রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু।

ছয়তলা ভবনটিতে নিচতলায় দোকান ও রাসায়নিক গুদাম ছিল। তবে বাকি তলায় বিভিন্ন পরিবার বসবাস করত। এ ঘটনায় ইতিমধ্যে দুজন রাসায়নিক গুদাম মালিককে গ্রেফতার করেছে র‌্যাব।

ইত্তেফাক/এএএম