ভারতে চলমান করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই চলছে পশ্চিমবঙ্গের শেষ ধাপের ভোট। পোলিং বুথের বাইরে দীর্ঘ সারি দেখা গেছে। এতে করে ভাইরাসটির আরো বিস্তার সম্পর্কে উদ্বেগ জেগে উঠছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন পশ্চিমবঙ্গ সংক্রমণের পরবর্তী কেন্দ্রস্থল হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার পশ্চিমবঙ্গে সংক্রমণ বেড়েছে ১৭ হাজার যা রাজ্যটির রেকর্ড। অন্যদিকে বৃহস্পতিবার ভারতে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে তিন লাখ ৭৯ হাজার ২৫৭ জন। একদিনে শনাক্তের দিক দিয়ে এটা বিশ্বরেকর্ড। একই মৃত্যু হয়েছে তিন হাজার ৬৪৫ জনের। এর আগে ভারতে একদিনে এত মানুষ মারা যাননি।
পশ্চিমবঙ্গে ইতিমধ্যে সাত দফায় ভোট হয়ে গেছে। অল্প কিছু রাজ্যের মধ্যে এটি একটি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের সংখ্যাগরিষ্ঠ আসন নেই। দেশটিতে ভাইরাস ছড়িয়ে পড়ার পরেও তিনি সেখানে বড় বড় সমাবেশ করে চলেছেন বলে অনেক সমালোচনা হয়েছে।
এই অঞ্চলে বিবিসির প্রতিনিধি অমিতাভ ভট্টাশালী বলেছেন, কিছু বৃহৎ সমাবেশ যেখানে মোদি অংশ নিয়েছেন- সেখানে দেখা গেছে বহু লোক মাস্ক পরেনি বা সামাজিক দূরত্ব বজায় রাখেনি।
ইত্তেফাক/এসএ