ইত্তেফাক রিপোর্ট
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে তিনটি শিল্পপ্রতিষ্ঠানের চারটি শিল্পকারখানা নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রতিষ্ঠানসমূহ হলো—পলমল গ্রুপের আয়েশা ক্লথিং লিমিটেড ও আসোয়াদ কম্পোসিট লিমিটেড, গ্রেট ওয়াল সিরামিকস লিমিটেড এবং ডাবল গ্লেজিং লিমিটেড। করোনা মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং সীমিত পরিসরে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানসহ বিনিয়োগকারীগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে পবন চৌধুরী বলেন, করোনাকালেও বেজা তার কাজের স্বাক্ষর রেখে চলেছে। সিলেটের প্রথম অর্থনৈতিক অঞ্চল হিসেবে এটি অর্থনৈতিক গতিধারায় পুরোধা হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। পলমল গ্রুপের পরিচালক কে এম মাহতাব উদ্দিন, গ্রেট ওয়াল সিরামিকস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. খালেদুজ্জামান, ডাবল গ্লেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার মইনুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।