রয়টার্স
করোনা ভাইরাস মহামারিতে লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে মৃত্যুর সংখ্যা এখন ৪ লাখের কাছাকাছি। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৬৩ জনের মৃত্যুর কথা জানানোর পর সরকারি হিসাবেই মৃতের মোট সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ১৮৫ জনে দাঁড়িয়েছে।
করোনা ভাইরাস মহামারিতে মৃতের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মোট ৫ লাখ ৭০ হাজার মারা গেছে যুক্তরাষ্ট্রে। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে দৈনিক মৃত্যু হাজারেরও নিচে নেমে এসেছে। এই পরিস্থিতিতে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে দেশটি দ্রুতই যুক্তরাষ্ট্রকে ধরে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রাজিলের কোভিড-১৯ সংকট সাম্প্রতিক মাসগুলোতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সামঞ্জস্যহীন বিধিনিষেধ ও ভাইরাসের অতিমাত্রায় সংক্রামক নতুন ধরনের কারণে সংক্রমণ লাগামহীন হয়ে পড়েছে।
দেশটির চরম ডানপন্থি সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো করোনা ভাইরাসের বিপদকে অবজ্ঞা করে এখন প্রবল সমালোচনার মুখে পড়েছেন। মহামারির শুরু থেকেই মাস্ক ব্যবহারের বিরোধিতা করে আসছিলেন তিনি। লকডাউনবিরোধী অবস্থান নেওয়া এই প্রেসিডেন্ট সংক্রমণ প্রতিরোধের জন্য অপ্রমাণিত বিভিন্ন ওষুধ ব্যবহার করার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন।
গত সপ্তাহে দেশটির সরকারি বায়োমেডিক্যাল ইনস্টিটিউট ফিয়োক্রুজের প্রকাশ করা এক প্রতিবেদন অনুযায়ী, তরুণ ব্রাজিলিয়ানরা ক্রমবর্ধমানভাবে কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছেন আর চলতি বছর এ পর্যন্ত বিশোর্ধ্ব বয়সিদের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে।