এবারের ঈদেও ছবি মুক্তির সম্ভাবনা নেই!

বিনোদন রিপোর্ট

 

এক বছরে দুটো ঈদেই যখন ছবি মুক্তির আশায় প্রযোজক-পরিচালকরা নিজেদের তৈরি করছিলেন, ঠিক তখন আবারো যেন খড়গ হয়ে নামলো করোনার দ্বিতীয় ঢেউ। সব আশার প্রদীপ জ্বলতে জ্বলতে আবার নিভে গেল। এবারের ঈদে বেশ সাড়ম্বড়ে মুক্তি পাওয়ার কথা ছিল শাকিব খান ও কলকাতার দর্শনা অভিনীত ‘অন্তরাত্মা’ ছবিটি। বড় বাজেটের এই ছবিটি আদৌ ঈদে মুক্তি পাবে কি-না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ছবিটির শুটিং করতে গিয়ে খোদ নায়িকা দর্শনা করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া পাবনায় অগণিত দর্শকের ভিড়ে ছবির শুটিং থেকে করোনায় আক্রান্ত হন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন। পরে ঢাকায় এসে তিনি মারা যান। এমন বেশকিছু ট্র্যাজিক ঘটনার ভেতর দিয়ে পেরুনো এই ছবিটি নিয়ে সকলেরই এক ধরনের উচ্চাশা কাজ করেছে। একেবারে শিডিউল টাইমেই ছবিটির শুটিংয়ের কাজও শেষ হয়েছে। অথচ করোনার এই সংকটে এখন পুরোটাই দোটানায় রয়েছে। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘সময়টাই আসলে খুব কঠিন। নয়তো আবারো ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর একটা বিষয় ছিল। তবে আমার বিশ্বাস ছবিটি যখনই মুক্তি পাক না কেন, ব্যবসাসফল হবে।’

অন্যদিকে ছবিটির প্রযোজক খানিকটা বাজি লেগেই বলেছেন, ‘শাকিব খানের ছবি মুক্তি দিতে ঈদ লাগে না। যেকোনো সময় মুক্তি দিলেই তা হিট।’

এই অবস্থায় এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন সকলেই। পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে এখন যে হল সংখ্যা তাতে ভালো সময় এবং ভালো ছবি না দিলে ইন্ডাস্ট্রি টেকানো মুশকিল। এর ভেতরে দুই ঈদেই মূলত অধিকাংশ প্রযোজকরা মুখিয়ে থাকেন তাদের ছবি রিলিজের জন্য। কিন্তু সেখানেও এবারের করোনা যে ভয়াবহ আকার ধারণ করেছে, তাতে সবই সংকটে পড়তে যাচ্ছে।’

অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ ছবিটি দীর্ঘদিন ধরে মুক্তির বার্তা বইলেও এবারের ঈদেও মুক্তি না পাওয়ার সম্ভাবনা। প্রযোজক-অভিনেতা অনন্ত জলিল বলেন, ‘আগে তো পরিবেশ থাকতে হবে। এমনিতে এত বড় বাজেটের ছবি মুক্তি দিয়ে কী করবো। দর্শকদের তো এখন সিনেমা হলে যাওয়ার মানসিকতা নেই। তাই ভালো সময়েই ছবিটি মুক্তি দেওয়া হবে।’ এর বাইরে আরো ৩টি ছবি মুক্তির তালিকায় থাকলেও সেগুলোও পিছিয়ে যাচ্ছে। তাই এবারের ঈদেও কোনো নতুন ছবি মুক্তি পাচ্ছে না, এটাই চূড়ান্ত। কারণ কেউই তাদের লগ্নিকৃত অর্থ জলাঞ্জলি দিতে চাইবে না।