বিনোদন ডেস্ক
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানের পুরস্কার অস্কার জেতা মানে শুধু সেই সিনেমাটি সংশ্লিষ্টদের গৌরবের বিষয় নয়, পুরো দেশের মানুষের জন্যও অনেক সম্মানের। পুরস্কারটি অর্জনের পর থেকেই গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রশংসার জোয়ার বয়ে যায়। পাশাপাশি সিনেপ্রেমীরাও আনন্দ-উল্লাসে মাতামাতি শুরু করেন। তবে এবার তার ঠিক উল্টো পিঠ দেখলো বিশ্ব! নিজের দেশের মেয়ের এমন অর্জনকে অবজ্ঞার চোখে দেখলো চীন। এবারের ৯৩তম অস্কার আসরে সেরা পরিচালক হিসেবে পুরস্কার জেতেন চীনে জন্ম নেওয়া চলচ্চিত্র পরিচালক ক্লোয়ি ঝাও। তার নির্মিত সিনেমা ‘নোম্যাডল্যান্ড’ সেরা পরিচালকের পুরস্কারের পাশাপাশি সেরা সিনেমা ও সেরা অভিনেত্রীর নিজের করে নিয়েছে। সিনেমাটিতে তিনি একজন বিধবা নারীর জীবন সংগ্রামকে নিখুঁতভাবে রূপায়ণ করে সারাবিশ্বে প্রশংসা অর্জন করেছেন। তবে তার এই অর্জন অনেকটাই মলিন হয়ে গেছে। কারণ ২০১৩ সালে ফিল্মমেকার ম্যাগাজিনের এক সাক্ষাত্কারে ক্লোয়ি ঝাও বলেছিলেন, ‘চীন হচ্ছে এমন একটি জায়গা, যার সবখানে মিথ্যাচার করা হয়।’ এতদিন পর এই সংবাদ প্রকাশ্যে আসতেই শুরুতে ক্লোয়ি ঝাওয়ের প্রশংসা সরকারও মুখ ফিরিয়ে নেয়। এমনকি অস্কার অনুষ্ঠানটিও সেদেশে প্রচার করা হয়নি। এছাড়া কোনো গণমাধ্যম তার প্রশংসা বা অর্জন নিয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার অর্জনের বিষয়ে লেখাগুলো ব্লক করে দেওয়া হয়েছে। যদিও তার এই অর্জনের বিষয়টি সেন্সর করেছিল দেশটি। তবে এর আগে সরকারি গণমাধ্যম সিনহুয়া ক্লোয়ি ঝাওয়ের প্রশংসা করে লিখেছিল, চীনা পরিচালক ক্লোয়ি ঝাওয়ের অসামান্য নির্মাণ ‘নোম্যাডল্যান্ড’ অস্কারের ঝুলিকে নাড়া দিয়েছে। তার সুন্দর উপস্থাপন পুরস্কারের দৌড়ে তাকে এগিয়ে রাখছে।