করোনায় নাজেহাল অবস্থা ভারতের। চিকিত্সা সরঞ্জাম থেকে শুরু করে নানা সংকট দেখা দিয়েছে। মৃতের সারি দীর্ঘতর হচ্ছে। দেশের এমন ক্রান্তিকালে সালমান, অক্ষয়, শাহরুখ, সোনু সোম, ক্যাটরিনা থেকে শুরু করে প্রায় সকল তারকাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করলেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনিও। তিনি করোনা মোকাবেলায় একটি তহবিল গঠন করছেন। যেখানে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, ‘আমার দেশের মানুষ এখন খুব খারাপ সময় পার করছেন। প্রতিদিন মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এখন দেশে ভ্যাকসিন, অক্সিজেনসহ নানা চিকিত্সা সামগ্রীর সংকট চলছে। অনেকে খাবার পাচ্ছে না। আমাদের এই ভাইরাসকে পরাজিত করতে হবে। আসুন সবাই একে অপরের পাশে থাকি।’ এর আগে প্রিয়াঙ্কা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছেও দেশের জন্য সহযোগিতা চেয়েছেন।