গণপরিবহন খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

গণপরিবহন খুলে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টায় সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। এ সময় তারা টার্মিনাল এলাকায় যত্রতত্র বাস দাঁড় করিয়ে সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুর, পার্বতীপুর, নীলফামারী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে সেনাবাহিনী, বিজিবির গাড়ি, অ্যাম্বুলেন্স, ভটভটি, টেম্পো, ইজিবাইক এমনকি ব্যাটারিচালিত রিকশা চলাচলেও বাধা দেওয়া হয়। পরে সৈয়দপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) চৌধুরী নাহিদ পারভেজের মধ্যস্থতায় নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী দুপুর ১২টায় অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন।