জামালপুরে কালবৈশাখী ফসলের ক্ষতি

জামালপুর প্রতিনিধি

জামালপুরে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। ১০ মিনিটের ঝড়ে বকশীগঞ্জের একটি মসজিদের টিনের চাল উড়ে গেছে। এছাড়া সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান, সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ে সাধুরপাড়া বিলেরপাড় গ্রামে একটি মসজিদের চাল উড়ে গেছে। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। এদিকে জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান জানান, ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। উপজেলা কৃষি বিভাগ তথ্য দিলে বিস্তারিত জানা যাবে।