শরণখোলায় লরি চালকের লাশ উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলা উপজেলার চাল রায়েন্দা এলাকার নির্মাণাধীন ওয়াপদা বেড়িবাঁধের ব্লক ইয়ার্ড থেকে পুলিশ বৃহস্পতিবার সকালে অহিদুজ্জামান সবুজ নামের এক লরি চালকের লাশ উদ্ধার করেছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য অন্য এক গাড়িচালককে আটক করা হয়েছে। নিহত সবুজ উপজেলার বকুলতলা গ্রামের নওয়াব হোসেন মধুর ছেলে।  শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, সবুজের লাশ মাথা থেঁতলানোসহ ডান হাত ও বাম পা ভাঙ্গা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে এটি হত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যাবে এবং ঘটনাস্থল থেকে অন্য গাড়িচালক শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।