পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির ইন্দ্রইল ব্রিজের কাছে বৃহস্পতিবার সকালে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ট্রাক্টরের হেলপার আবদুর রশিদ মারা গেছেন। আহত হয়েছেন আরো চার জন। নিহত আবদুর রশিদ উপজেলার বশিপুর গ্রামের কোরবান আলীর ছেলে। ভাটায় ইট পৌঁছে দিয়ে ট্রাক্টরটি আদমদীঘি থেকে ভাটামুখী যাচ্ছিল। এ সময় সান্তাহার থেকে চাল বোঝাই ট্রাক বগুড়ার দিকে যাওয়ার পথে ইন্দ্রইল ব্রিজের কাছে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উপজেলা হাসপাতালে নিলে আবদুর রশিদ মারা যান। ওসি জালাল উদ্দীন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গৌরীপুরে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই জনের প্রাণ গেছে। বুধবার বিকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীপুর উপজেলার গাওরামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী অটোরিকশাটি অপর একটি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছয় জন আহত হয়। তাদের মধ্যে শিশু তাওহিদুল ইসলামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক মৃত ঘোষণা করেন এবং কোকিল চৌহান চিকিত্সাধীন অবস্থায় রাতে মারা যান। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আবদুল হালিম সিদ্দিকী বলেন, পিকআপ ভ্যান ও অটোরিকশা জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।