বিএসএমএমইউয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ব্লকের সামনে গোলচত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। পরে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

শহিদ ডা. মিল্টন হলে ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় মন্ত্রী বিএসএমএমইউয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে মনোযোগী হওয়ার তাগিদ দেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় উচ্চতর চিকিত্সা শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।  তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপর আরোপ করেন। এ জন্য তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তার ও আশ্বাস দেন। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, চিকিত্সা বিজ্ঞানের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে উঠেছে। সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরেই এ দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন হয়। ১৯৯৮ সালের ৩০ এপ্রিল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়ন ও অগ্রগতিতে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।

সভায় ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিত্সক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোগীদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করা হয়।