বিজেএমসির বন্ধ পাটকল চালু করতে অগ্রাধিকার পাবে বিদেশি বিনিয়োগ

ইত্তেফাক রিপোর্ট

বেসরকারি ব্যবস্থাপনায় বিজেএমসির বন্ধ পাটকল চালু করতে সরাসরি বৈদেশিক বিনিয়োগকে (এফডিআই) অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক। তিনি বলেন,  ইতিমধ্যে এ বিষয়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। দেশি-বিদেশি উদ্যোক্তারা মিলগুলো লিজ নেওয়ার সুযোগ পাবেন। গতকাল বুধবার মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালামসহ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালুকৃত মিলে অবসায়নকৃত শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবে। একই সঙ্গে এসব মিলে কর্মক্ষম ও দক্ষ শ্রমিকদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, মামলাজনিত সমস্যা, অডিট আপত্তিজনিত সমস্যা, শ্রমিকদের নামের সঙ্গে এনআইডির গরমিল ও অনেক অবসরপ্রাপ্ত শ্রমিকদের ব্যাংক হিসাব না থাকার কারণে কিছু সংখ্যক শ্রমিকদের পাওনা পরিশোধে দেরি হচ্ছে। এসব সমস্যা নিরসনে শ্রমিক ও মিল/সংস্থা হতে মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে, অডিট আপত্তি নিষ্পত্তির প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং শ্রমিকদের নামের গরমিল সংশোধন করে ও ব্যাংক হিসাব খোলার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, সমস্যা নিরসন করে দ্রুত নগদ অংশের শতভাগ পরিশোধ করা হবে। বাকি অর্ধেক সোনালী ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র ইস্যু করা হবে।

উল্লেখ্য, লোকসানের কারণে গত বছরের ১ জুলাই থেকে বাংলাদেশ  পাটকল করপোরেশনের (বিজেএমসি)  নিয়ন্ত্রণাধীন ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করা হয়।