সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের পুলিশ ফাঁঁড়ি থেকে ৩০০ গজ উত্তরে সিংগাইর উপজেলার ধল্লা ফোর্ডনগরে যানবাহন থামিয়ে গণডাকাতির ঘটনায় চার দুর্বৃত্তকে গ্রেফতার করে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে। সিংগাইর থানার পুলিশ বুধবার রাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে। সেই সঙ্গে লুণ্ঠিত একটি মিশুক গাড়িসহ ডাকাতির কাজে বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পদ্মছড়া গ্রামের বেল্লাল মিয়ার ছেলে শাকিল, একই উপজেলার বানিয়াল পালশা গ্রামের আমিনুল ইসলামের ছেলে জুয়েল ইসলাম, ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ঘোষপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে লিটন মামুন ও গাইবান্দার পলাশবাড়ী থানার গণকপাড়ার গ্রামের মাইনুদ্দিনের ছেলে সাইফুল। এসআই আব্দুর রহিম বলেন, গত ২০ এপ্রিল রাত ২.১৫ মিনিটের ঐ গণডাকাতির ঘটনায় আসামিরা আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ।