টিকা কূটনীতিতে অদূরদর্শিতার পরিচয় দেওয়া হয়েছে —জি এম কাদের

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এখন প্রমাণ হলো বিকল্প উত্স না রেখে শুধু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আমদানির সিদ্ধান্ত ভুল ছিল। আন্তর্জাতিক টিকা কূটনীতিতে অদূরদর্শিতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। করোনায় কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ টিকা নিতে দেশে এখনো কয়েক লাখ মানুষ অস্থিরতার সঙ্গে অপেক্ষা করছেন। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনের সিনোফার্মের ভ্যাকসিন আমদানি ও যৌথ উত্পাদনের পাশাপাশি ভারত থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড আমদানিতে প্রচেষ্টা থাকতে হবে বাংলাদেশের। তিনি বলেন, দেশের অভ্যন্তরে ‘গ্লোব বায়োটেক’-এর বঙ্গভ্যাক্স-কে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হলে এ মুহূর্তে দেশীয় উত্স থেকে তৈরি টিকা পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকত। সে বিষয়ে যথাযথ ব্যবস্থা এখনো নেওয়া যায়। করোনার টিকা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি-না সেটা স্পষ্ট নয়। টিকার বিষয়ে জনগণ বিস্তারিত জানতে চায়।