চারদিকে পানি কিন্তু খাওয়ার পানি কই

ব্রিটিশ কবি স্যামুয়েল টেইলর কোলরিজ তাঁর ‘দ্য রাইম অব দ্য এনশিয়েন্ট ম্যারিয়ার’ কবিতায় লিখেছেন, ‘ওয়াটার ওয়াটার এভরি হোয়ার, বাট নট অ্যানি ড্রপ টু ড্রিংক’—অর্থাত্ চারদিকে পানি কিন্তু খাওয়ার উপযোগী কোনো পানি নেই। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে এই সংকট তীব্রতর। সুন্দরবন ঘেঁষা এই জনপদে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে নদ-নদী, খাল-বিল ও জলাধার। কিন্তু লবণাক্ততার কারণে এসব উেসর পানি পানযোগ্য নয়। সুপেয় পানির অভাবে লবণাক্ত পানি পানের কারণে উপকূলীয় জনপদ দীর্ঘ মেয়াদি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে আগামী দিনে এই অঞ্চলে দুর্যোগ আরো তীব্রতা নিয়ে ঘন ঘন আঘাত হানবে। তার লক্ষণ ইতিমধ্যে আমরা টের পাচ্ছি। প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণে পানি সংকট এই অঞ্চলে নানা রূপে দেখা দেবে। লবণাক্ততা বৃদ্ধি, সাগরতলের উচ্চতা বৃদ্ধির ফলে জোয়ারের তীব্রতা ও উচ্চতা বৃদ্ধি, ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণ, জলাবদ্ধতা, মাটির লবণাক্ততা বৃদ্ধি, জল ও মাটির দূষণ ইত্যাদি ক্রমেই এই অঞ্চলকে বসবাসের অনুপযোগী করে তুলবে। সেজন্য এই অঞ্চলের সব উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু পরিবর্তন এবং পানিসংক্রান্ত উপাত্তসমূহ বিবেচনায় নেওয়া খুবই জরুরি।

শেখ শাকিল হোসেন

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়