পুলিশের এসআইকে ফোনে হুমকি, কাদের মির্জার বিরুদ্ধে জিডি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে মুঠোফোনে হুমকি দেওয়ায় জিডি করেছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানায় কর্মরত পুলিশের এসআই রিয়াদুল হাসানকে গত মঙ্গলবার রাতে মেয়র আবদুল কাদের মির্জা তার অনুসারী হামিদের মুঠোফোন থেকে এ হুমকি দিয়েছিলেন। তবে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ও হুমকিপ্রাপ্ত এসআই রিয়াদুল হাসান এ বিষয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলছেন না। 

ওসি ও এসআই এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করায় একই বিষয়ে বৃহস্পতিবার নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, উনি তো অনেক লোককেই হুমকি দেন, ওসিকে কত উলটাপালটা কথা বলেন। এটা নতুন কিছু নয়। এ রকম ঘটনা সেখানে (কোম্পানীগঞ্জে) অনেক। জিডি একটা করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে আবদুল কাদের মির্জা তার অনুসারী হামিদের মুঠোফোন থেকে এসআই রিয়াদুলের মুঠোফোনে কল দেন। মেয়র ফোন নিয়ে এসআই রিয়াদুলকে মেয়রের কয়েক জন অনুসারীকে গ্রেফতার করায় দেখে নেওয়ার হুমকি দেন। মেয়র ফোন কেটে দেওয়ার পর এসআই রিয়াদুল বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত ও আলোচনা করে একটি সাধারণ ডায়ারি করেন।

থানার এসআইকে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে কাদের মির্জার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া যায়নি।