‘লকডাউন’ পরিস্থিতিতে সীমিত পরিসরে হাইকোর্টে চলছে ভার্চুয়ালি বিচার কার্যক্রম। এর মধ্যে ছয়টি বেঞ্চকে ফৌজদারি মোশন শুনানির এক্তিয়ার দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ফৌজদারি মোশন শুনানির এক্তিয়ার দেওয়া হলেও গতকাল বৃহস্পতিবার থেকে এসব বেঞ্চকে আগাম জামিনের আবেদনপত্র শুনানির জন্য গ্রহণ না করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
সুনির্দিষ্টভাবে বিষয়টি উল্লেখ করে নতুন করে বেঞ্চ গঠনসংক্রান্ত আদেশ জারি করেছেন তিনি। এই আদেশের ফলে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ১৫টি আগাম জামিনের আবেদন কার্যতালিকায় অন্তর্ভুক্ত করেও শুনানি গ্রহণ করতে পারেননি। এই বেঞ্চে বিশিষ্ট শিল্পপতি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের একটি আগাম জামিনের আবেদন শুনানির জন্য ছিল।
করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ১৪ এপ্রিল থেকে হাইকোর্টে সীমিত পরিসরে বিচার কার্যক্রম পরিচালনার জন্য ছয়টি বেঞ্চকে এক্তিয়ার প্রদান করেন প্রধান বিচারপতি। এর মধ্যে চারটি বেঞ্চকে অতীব জরুরি সব ধরনের ফৌজদারি মোশন শুনানি গ্রহণের এক্তিয়ার দেওয়া হয়। কিন্তু সেখানে আগাম জামিন শুনতে পারবে না মর্মে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা ছিল না। এমতাবস্থায় গত বুধবার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ ১৫টি আগাম জামিনের আবেদনপত্র শুনানির জন্য গ্রহণ করে।
কিন্তু বৃহস্পতিবার প্রধান বিচারপতি এক আদেশে হাইকোর্টের ঐ চারটি দ্বৈত বেঞ্চকে আগাম জামিন শুনানি গ্রহণ না করতে নির্দেশ দেন। এতে বলা হয়, আগাম জামিনের আবেদনপত্র ছাড়া অতীব জরুরি সব ধরনের ফৌজদারি মোশন শুনানির জন্য গ্রহণ করবে বেঞ্চগুলো। ফৌজদারি আপিল মঞ্জুরির আবেদনপত্র এবং তত্সংক্রান্ত জামিনের আবেদনপত্র গ্রহণ করবে।
প্রধান বিচারপতির এই নির্দেশের পর সায়েম সোবহান আনভীরের জামিনের আবেদনসহ ১৫টি আগাম জামিনের আবেদনের ওপর কোনো শুনানি হয়নি। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট বেঞ্চের দেওয়া নোটিশে বলা হয়েছে, বর্তমান লকডাউন ও কোভিড-১৯ পরিস্থিতিতে অত্র কোর্ট আগাম জামিনের আবেদনপত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে না। পরে বেলা ১১টায় বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এজলাসে এলে আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, ‘আপনাদের (আইনজীবী) আবেদনের কারণে আমরা গতকাল বলেছিলাম কিছু আগাম জামিন আবেদন শুনব। তবে কবে শুনব বলিনি। সুপ্রিম কোর্টের বিধি ও বর্তমান সর্বাত্মক লকডাউনে সরকারি বিধিনিষেধের কারণে এই মুহূর্তে কোনো ধরনের আগাম জামিন শোনা যাবে না। কোর্টের দৈনন্দিন কার্যতালিকায় থাকা আগাম জামিনের আবেদনগুলো ভুলভাবে এসেছে। নির্দেশনা ছিল ভবিষ্যতে আসবে, কিন্তু আজ ভুলক্রমে এসেছে। সুতরাং আগাম জামিন আবেদনের শুনানি হবে না।
এ প্রসঙ্গে সায়েম সোবহান আনভীরের আইনজীবী অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী ইত্তেফাককে বলেন, কোর্ট তো আমাদের জামিন আবেদন খারিজ করেনি। এ কারণে আবেদনটি বিচারাধীন রয়েছে। যেহেতু জামিন আবেদন বিচারাধীন, সেহেতু আনভীরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি করা উচিত নয়।
সোমবার সন্ধ্যায় গুলশানের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় তরুণীর বোন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন। সেই মামলার আসামি করা হয় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে।
হাইকোর্টে আরো তিন বেঞ্চ
গতকাল হাইকোর্ট বিভাগে আরো তিনটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী ২ মে থেকে এসব বেঞ্চে বিচারকাজ অনুষ্ঠিত হবে। এ নিয়ে মোট ৯টি বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে। নতুন তিনটি বেঞ্চের মধ্যে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চকে রিট মোশন শুনানির এক্তিয়ার দেওয়া হয়েছে। আর বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিন এবং বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী ডিভিশন বেঞ্চকে আগাম জামিনের আবেদনপত্র ছাড়া অতীব জরুরি গ্রহণযোগ্য ফৌজদারি মোশন শুনানির এক্তিয়ার দিয়েছেন প্রধান বিচারপতি।