ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিদায়ি প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী একজন পরিপূর্ণ, সত্ ও নিষ্ঠাবান কর্মকর্তা বলে মন্তব্য করেছেন ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বৃহস্পতিবার নুরীর বিদায় উপলক্ষ্যে ডিএসসিসির বুড়িগঙ্গা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাপস এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহীনুর আলম বদলিজনিত বিদায় নেন। উল্লেখ্য, আমিন উল্লাহ নুরী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
শেখ তাপস বলেন, ‘আমি তাকে (নুরী) পরিপূর্ণভাবে একজন সত্ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে পেয়েছি। তিনি নিজের কর্মক্ষেত্রে যেমনি সুচারুভাবে সবার এবং সবকিছুর সঙ্গে সমন্বয় সাধন করেছেন, তেমনি তার দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।’ বিদায়ি নুরী করপোরেশনে যোগদানের আগেই তার কর্মদক্ষতা ও সততা সম্পর্কে সুবাতাস পেয়েছিলেন জানিয়ে তাপস বলেন, ‘তিনি সশরীরে আসার পরে দেখেছি, তিনি তার কাজের মাধ্যমে, দক্ষতার মাধ্যমে ও কর্মতত্পরতার মাধ্যমে নিজেকে অনন্যভাবে তুলে ধরেছেন।’
এ সময় শেখ তাপস বিদায়ি নুরী এবং শাহীনুর আগামী দিনেও উচ্চতর দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও নিষ্ঠার প্রতিফলন রাখবেন বলে আশা প্রকাশ করেন।