যুক্তরাষ্ট্র-কানাডার ১৯টি বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ-স্কলারশিপ পেলো নাইজেরিয়ান তরুণী

আফ্রিকার দেশ নাইজেরিয়ার ১৭ বছর বয়সী এক তরুণী মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার ১৯টি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার জন্য ৫ মিলিয়ন ডলারের বেশি মূল্যের পূর্ণ-স্কলারশিপ পেয়েছে। এমতাবস্থায় ভিক্টরী ইঙ্কা-বানজো নামের ওই তরুণী কোন প্রতিষ্ঠানে পড়বেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। আজ শুক্রবার (৩০ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস এই তরুণীর জন্ম নাইজেরিয়ান পিতা-মাতার ঘরে। মা চিকা ইঙ্কা-বানজো লাগোস বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রভাষক এবং বাবা আদিয়ঙ্কা বানজো একটি বেসরকারী খাতের সংগ্রহ ও সরবরাহ চেইনের নির্বাহী।

ভিক্টরী ইঙ্কা-বানজো বলেন, এটি এখনো অবিশ্বাস্য লাগছে। আমি অনেকগুলো প্রতিষ্ঠানে আবেদন করেছি। কারণ, আমার ধারণা ছিল কেউ আমাকে গ্রহণ করবে না।

এই তরুণী যুক্তরাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো থেকে পূর্ণ-স্কলারশিপ পেয়েছে সেগুলো হলো- আইভী লীগ স্কুল, ইয়েল কলেজ, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড কলেজ, ব্রাউন বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি), স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে লেস্টার বি. পিয়ারসন স্কলারশীপ এবং ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ক্যারেন ম্যাককালিন আন্তর্জাতিক লিডার টোমুরো (কেমিলট) স্কলারশীপ। সবমিলিয়ে মোট ১৯টি বিশ্ববিদ্যালয় থেকে সে স্কলারশিপ পেয়েছে।

ভিক্টরী ইঙ্কা-বানজো আরো বলেন, ‘তাদের ভর্তি প্রক্রিয়া অত্যান্ত সিলেক্টিভ। তারা একমাত্র সেরাদের সেরাকেই বেছে নেয়। সুতরাং আপনি কল্পনা করতে পারেন, কীভাবে আমি প্রতিদিন নিজেকে স্মরণ করাই যে, আমি এই প্রতিষ্ঠানগুলোতে সুযোগ পেয়েছি। এটি অবাস্তব!’

নাইজেরিয়ান এই তরুণীর অর্জনের তালিকায় রয়েছে- বিশ্বের যেসব দেশে ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার হয় তাদের নিয়ে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আয়োজিত আন্তর্জাতিক সিআইই পরীক্ষায় বিশ্বের মধ্যে শীর্ষস্থান দখল করা। এ ছাড়া সে ক্যামব্রিজের আইজিসিএসই পরীক্ষায় অংশ নিয়েছে। যেখানে সবগুলো বিষয়েই ‘এ’ অর্জন করেছে।

বিগত বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে আমার কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিয়ে তারা আমাকে গর্বিত করেছে। ধীরে ধীরে বুঝতে শুরু করেছি যে, আমি তাদের (বিশ্ববিদ্যালয়) প্রাপ্য। এই স্কলারশীপ আমাকে আরও উঁচুতে দাঁড় করিয়েছে এবং হাসিখুশিকে প্রশস্ত করেছে, যোগ করেন ভিক্টরী ইঙ্কা-বানজো।

গণনা জীববিজ্ঞান নিয়ে পড়াশোনার ইচ্ছে আছে জানিয়ে তিনি বলেন, তবে কোন প্রতিষ্ঠানে পড়বো সেটা নিয়ে এখনো সন্দিহান। আমার পছন্দের প্রতিষ্ঠানগুলো নিয়ে এখনো গবেষণা করছি। বিশেষ করে হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ড ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

ইত্তেফাক/টিএ