পাকিস্তানে করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণের তীব্রতা, স্মার্ট লকডাউন বাস্তবায়ন এবং মহামারির বিস্তার রোধে সরকার কর্তৃক ব্যবসায়িক কর্মকাণ্ড নিষিদ্ধকরণের কারণে দেশটিতে ভোক্তাদের আস্থার আরও অবনতি হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার।
২০২১ সালের প্রথম প্রান্তিকে এসে পাকিস্তানের ৫২ শতাংশেরও বেশি গ্রাহক বিশ্বাস করেন যে, আগামী ৬ মাসে বেকারত্বের হার আরও বাড়বে। ভোক্তা আত্মবিশ্বাস সূচকটি ত্রৈমাসিক ভিত্তিতে ১০ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়ে চলমান ২০২১ সালের প্রথম প্রান্তিকে ৮০ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
স্থানীয় গ্রাহকদের আস্থার সূচকের ভিত্তিতে একটি যৌথ সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে ডান অ্যান্ড ব্র্যাড স্ট্রিট পাকিস্তান এবং গ্যালাপ পাকিস্তান। সেটি অনুযায়ী, বর্তমান পরিস্থিতিও ভবিষ্যতের জন্য ভোক্তাদের প্রত্যাশায় ১২ শতাংশ হ্রাস পেয়েছে। যা আগের প্রান্তিকে ৮ দশমিক ৩ শতাংশ থেকে কম হয়েছে।
স্মার্ট লকডাউন পুনরায় চালু করা দেশটির অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভোক্তাদের অনুভূতিকে সবচেয়ে বড় হতাশার দিকে পরিচালিত করছে। যা ১৬ শতাংশ কমেছে। ২০২১ সালের প্রথম প্রান্তিকে প্রতিটি পরিবারের আর্থিক পরিস্থিতি ছিল একমাত্র পরামিতি, যা ১০০ পয়েন্টের উপরে থাকতে সক্ষম হয়েছিল।
ইত্তেফাক/টিএ