স্পোর্টস রিপোর্টার
প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে সমান তালেই লড়াই করেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের রানের চাপ ও স্পিনারদের ঘূর্ণিতে ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন। টসে হেরে ফিল্ডিং করা বাংলাদেশ মাঠে ছিল দুই দিনের বেশি সময়। লঙ্কানদের বড় সংগ্রহ, প্রখর রোদে টানা ফিল্ডিং করে শারীরিক-মানসিকভাবে পিছিয়ে পড়ে মুমিনুল হকের দল। প্রথম দুই দিন উইকেটে ব্যাটসম্যানদের পক্ষেই ছিল, তৃতীয় দিন থেকেই স্পিনারদের বুকে টেনে নেয় ক্যান্ডির উইকেট। যার শিকার হয়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার ৪৯৩ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়ে গেছে ২৫১ রানে। ২৪২ রানের লিড পায় স্বাগতিকরা। সেখানেই কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। গতকাল ম্যাচের চতুর্থ দিন শেষে বাংলাদেশের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এমনটাই বলেছেন। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ৯ উইকেটে ১৯৪ রান করলে বাংলাদেশের সামনে ৪৩৭ রানের বিশাল টার্গেট হাজির হয়।
প্রথম ইনিংসে ৪ উইকেটে ২১৪ রান তুলেছিল বাংলাদেশ। পরে অভিষিক্ত জয়াবিক্রমার ঘূর্ণিতে মাত্র ৩৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। শান্তর চোখে এখানেই বড় ব্যবধান হয়ে গেছে। গতকাল তিনি বলেছেন, ‘প্রথম ইনিংসে আরো ভালো ব্যাটিং করা উচিত ছিল। ওখানে আমরা একটু পেছনে পড়ে গেছি। আমরা ভালো শুরু করেছিলাম। ৩ উইকেটে ২০০ রানের মতো ছিলাম। ওখান থেকে পরে আর পার্টনারশিপ হয়নি। ঐ জায়গাতেই আমরা পিছিয়ে পড়েছি।’
উইকেটে আছেন লিটন দাস, মিরাজ। আজ তাদের ব্যাটে কত দূর যেতে পারবে বাংলাদেশ? শান্ত বলেছেন, ‘এখনো দুইজন ব্যাটসম্যান ব্যাটিং করছে। এই পরিকল্পনাই থাকবে যে দুইজন ব্যাটসম্যান যতক্ষণ ব্যাটিং করতে পারে আমাদের জন্য ভালো। প্রথম দুইটা ঘণ্টা, প্রথম সেশন যদি আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারে তাহলে পরবর্তীতে ভালো কিছু চিন্তা করতে পারব।’ তবে গতকাল ব্যাটসম্যানরা ইতিবাচকভাবে ব্যাটিং করেছেন বলেই দাবি করেছেন শান্ত।